ভর্তি পরীক্ষায় জালিয়াতি

রাবি শিক্ষার্থীর ১ বছরের কারাদণ্ড

 
 
 
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবাশীষ কর্মকারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া জালিয়াতির অভিযোগে আটক অপর দুই ভর্তিচ্ছু শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত মামলা করবে বলে জানা গেছে।
রাবি প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের (বিজোড় রোল) পরীক্ষা চলাকালে প্রথম বিজ্ঞান ভবন থেকে রাবির হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবাশীষ কর্মকার, বগুড়ার জলেশ্বরিতলার ভর্তিচ্ছু শাহিরয়ার শান্ত ও খাগড়াছড়ির চার্চিল চাকমাকে জালিয়াতির দায়ে আটক করা হয়। এদের মধ্যে দেবাশীষ কর্মকার পরীক্ষায় অংশগ্রহণের ছবি জালিয়াতি করে মাসুদ আলম নামে ভর্তিচ্ছু সেজে পরীক্ষার হলে আরেক ভর্তিচ্ছু চার্চিল চাকমাকে সহযোগিতা করছিলেন। কিন্তু হলের পরিদর্শকরা তাদের ধরে ফেলেন। অপর পরীক্ষার্থী শাহরিয়ার শান্ত পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে উত্তরপত্র পূরণ করছিলেন। এ সময় তাকেও হলের পরিদর্শকরা হাতেনাতে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। পরে সকলকে ক্যাম্পাসের অস্থায়ী পুলিশ ক্যাম্পে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিরুল ইসলামের সামনে হাজির করা হয়। সেখানে দেবাশীষ কর্মকারের অপরাধ বিবেচনায় পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। তার সহযোগী প্রকৃত ভর্তিচ্ছু শিক্ষার্থী চার্চিল চাকমা এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারী শিক্ষার্থী শাহরিয়ার শান্তর অপরাধের শাস্তি ভ্রাম্যমান আদালতের এখতিয়ারের বাইরে হওয়ায় তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছে।
 
 
প্রক্টর আরো জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৩ নম্বর ধারায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবাশীষ কর্মকারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় চার্চিলের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত আদালতে মামলার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া শহিদুল্লাহ কলা ভবনের ৪০২ নম্বর কক্ষের ভর্তিচ্ছু শাহরিয়ার শান্তকে ইলেক্ট্রনিক যন্ত্রের সাহায্য করেছিলেন ‘এডমিশন প্লাস কোচিং’ বগুড়া শাখার পরিচালক। বিশ্ববিদ্যালয় প্রশাসন জালিয়াত চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ভ্রাম্যমান আদালতে দণ্ডপ্রপ্ত রাবি শিক্ষার্থী দেবাশীষ কর্মকার বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম হলের ৩০০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার ব্যাপারে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে প্রক্টর তারিকুল হাসান জানান।
 
 
এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, জালিয়াতির দায়ে এক শিক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দু’জনের বিরুদ্ধে মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।