শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন— দেশে বিনিয়োগ বাড়াতে প্রাতিষ্ঠানিক সহায়তা বৃদ্ধি করবে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার (আঙ্কটাড) আঙ্কটাড। আঙ্কটাডের বিনিয়োগ সম্মেলন থেকে দেশে ফেরার পর সম্মেলন প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনে শিল্প সচিব মঈন উদ্দিন আব্দুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন— উন্নত বিশ্বের উদ্যোক্তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, যা তারা বিনিয়োগ করছেন না। উদ্যোক্তাদের এ অর্থ বিনিয়োগ করতে উত্সাহিত করার জন্য আঙ্কাটাড সহযোগিতা করবে। বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের অর্থ দিয়ে বিনিয়োগ বাড়াতে আঙ্কটাডের সহযোগিতা চাওয়া হয়েছে।
আমির হোসেন আমু বলেন— সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ বান্ধব পরিস্থিতি বজায় থাকার কথা জানোনো হয়েছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া উদ্যোগ ও কর্মসূচি সফলভাবে তুলে ধরা হয়েছে। এতে অংশগ্রহণকারী দেশ ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে ধারণা পেয়েছে। আশা করি— আঙ্কটাড সদস্য দেশগুলোর মধ্যে বেসরকারিখাতে উদ্ভাবনী বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।
মন্ত্রী বলেন— সম্মেলনে বিনিয়োগ ও জলবায়ু বিষয় গুরুত্ব পেয়েছে। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান অন্তরায় ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। টেকসই বিনিয়োগ ও উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহায়তা জোরদার, শিল্পখাতে বিনিয়োগ বাড়াতে প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া, নিজ দেশের ভবিষ্যত্ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। বিনিয়োগপ্রবাহ বাড়াতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে একটি উপযুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলার সুপারি করা হয়।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব বিনিয়োগ সম্মেলনে স্বল্পোন্নত দেশসহ বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ৫টি দেশের রাষ্ট্রপ্রধান এবং অন্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকে শিল্পমন্ত্রীর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ গ্রহণ করেন।