বগুড়ায় রেল লাইনের দু’পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 
 
রেল চলাচল নির্বিঘ্ন করতে বগুড়ায় রেল লাইনের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহার নেতৃত্বে বগুড়া রেল স্টেশন থেকে পূর্বদিকে করতো ব্রিজ পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তী, সহকারি প্রকৌশলী আব্দুস সোবহান ও আফজাল হোসেন, রেলওয়ে কোর্ট ইন্সপেক্টর শফিকুল ইসলাম চৌধুরি, বগুড়া রেলওয়ের ৪ নম্বর কাচারির কানুনগো মোকাররম হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কানুনগো মোকাররম হোসেন জানান, রেল চলাচলে যেন কোন বিঘ্ন সৃষ্টি না হয়, এই উদ্দেশ্যে লাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। এজন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে নোটিশ প্রদানের পাশাপাশি ভাসমান দোকানীদের উচ্ছেদে মাইকযোগে প্রচার চালানো হয়। নোটিশ পাওয়ার পরও অনেক দোকানী ও দখলদার তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় অভিযানে সেসব ভেঙে দেওয়া হয়েছে।