সিঙ্গাপুরে আড়াই হাজার বাংলাদেশি দুর্ঘটনার শিকার

সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে বাঙালিদের দুর্ঘটনার হার দিন দিন বেড়েই চলছে। দেশটিতে অভিবাসি শ্রমিকদের সাহায্যকারী সংস্থা টিডব্লিউসি ২ সূত্রে জানা গেছে, ২০১২ ও ২০১৩ সালে তাদের ফ্রি ফুড প্রকল্প থেকে দুর্ঘটনার শিকার হয়ে ২ হাজার ৬০৪ জন বাংলাদেশি শ্রমিক খাবার গ্রহণ করেছে।

ওয়ার্ক পেন্টস সেফটি এন্ড হেলথ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কর্মক্ষেত্রে ৬ হাজার ৩৩৬ জন শ্রমিক আহত হয়। গত বছরের তুলনায় চলতি বছরে জুন মাস পর্যন্ত কর্মক্ষেত্রে দুর্ঘটনার পরিমাণ ১৪% বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনাস্থল হিসাবে সবার উপরে রয়েছে নির্মাণ খাত। এই খাতে চলতি বছরে প্রথম ছয় মাসে ১৭ জন শ্রমিক, মেরিন ফ্যাক্টরির ৩ জন শ্রমিক ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

ওয়ার্ক পেন্টস সেফটি এন্ড হেলথ (ডব্লিইএসএইচ) কাউন্সিলের চেয়ারম্যান  লি জু ইয়াং জানান, সরকার আগামী চার বছরের মধ্যে জাতীয় পর্যায়ে দুর্ঘটনার হার ১ দশমিক ৮ এ নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়া সত্ত্বেও কর্মক্ষেত্রে নিরাপত্তা উন্নয়নে ২০১৪ সালের প্রথম ছয় মাসে তেমন অগ্রগতি লাভ করতে পারেনি। জনশক্তি মন্ত্রণালয়ের (ডব্লিইএসএইচ) কমিশনার হো সিয়ং হিন বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে শ্রমিকদের সমঝোতা করার অজুহাত থাকবে না। এই দুর্ঘটনা প্রতিরোধযোগ্য। আইন ভঙ্গ করেছে জানা গেলে কোম্পানি বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।