জেলার ৮ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গত দুই দিনে ৮৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত রংপুর মহানগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্ত, মাদক মামলাসহ বিভিন্ন মামলার দাগি আসামি। গতকাল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রংপুরে প্রায় ৩ মাস থেকে পুলিশের বিশেষ অভিযান চলছে। এখনও অব্যাহত আছে। রংপুরে অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স রাখতে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রংপুরে ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা দায়েরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ছাত্রদল। গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে পায়রা চত্বরে এসে সমাবেশে জড়ো হয়। জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম নয়নের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল, সহ-সভাপতি এমএম আলম পান্না, যুগ্ম সম্পাদক উত্পল ভৌমিক, সাংগঠনিক সম্পাদক নূর আরেফিন সুমন, শহর ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম লেলিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।