সবার উপরে বসুন্ধরা কিংস

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে বিজেএমসিকে হারাতে না পারার দুঃখ যাচ্ছিল না। বসুন্ধরা কিংস নোয়াখালীর মাঠে ম্যাচটা ড্র করে ঢাকায় ফিরেছিল। যেখানে বিজেএমসিকে উড়িয়ে দেবার কথা। সেখানে পয়েন্ট হারিয়ে বসুন্ধরার কোচ কর্মকর্তা খেলোয়াড়দের মেজাজ বিগড়ে গিয়েছিল। এবার নিজেদের ভেন্যু নীলফামারীতেও একই ঘটনা ঘটতে যাচ্ছিল। আগের ম্যাচ গোল করতে না পারা বড় বাজেটের দল বসুন্ধরা কিংস কাল নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়ামে নেমে আরামবাগের বিপক্ষে গোল হজম করে পিছিয়ে যায়। ২৩ মিনিটে আরামবাগের আরিফুর রহমানের গোলে এগিয়ে যায় ১-০। আরামবাগ বড় সুবিধা পেয়ে গিয়েছিল। প্রতিপক্ষের মাঠে এত বড় দলের বিপক্ষে গোল পেয়ে এগিয়ে যাওয়ার সুযোগটা শেষ পর্যন্ত রাখতে পারেনি আরামবাগ। নিজেদের দোষে গোল হজম করে। বসুন্ধরার আক্রমণের ঝড়ে আরামবাগের নাইজেরিয়ান ডিফেন্ডার কিংসলের ছোঁয়া লেগে নিজেদের জালে বল জড়ায় ১-১। ভাগ্য খুলে যায় বসুন্ধরার। আর ফিরে তাকাতে হয়নি। খেলায় ফিরে আসা বসুন্ধরা কিংসের মতিন মিয়া গোল করেন (২-১), ৪৩ মিনিটে আবার গোলের খাতায় নাম লেখায় বসুন্ধরা। এবার গোল করেন ব্রাজিলীয়ান ফুটবলার মারকোস ৩-১। কঠিন জবাব দেওয়ার পরও দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই গোল হজম করে বসুন্ধরা। আরামবাগের কিংসলের কারণে গোল হজম করেছিল সেই প্রতিদান দিয়েছেন বসুন্ধরার জালে গোল করে ২-৩। কিন্তু তারপরও ম্যাচের বাকি ৩৭ মিনিট সব চেষ্টা বৃথা গেছে। ডিফেন্ডার নাসির চৌধুরি। আগের খেলায় লালকার্ড পাওয়ায় কাল মাঠে নামতে পারেননি। প্রথমার্ধে বসুন্ধরার মাঝমাঠ ভালো খেললেও দ্বিতীয়ার্ধে সেটা ছিল না। বসুন্ধরা বলছে তারা বিজেএমসির বিপক্ষে ৯টা সুযোগ পেয়ে গোল করতে পারেনি। বিজেএমসির গোলকিপারকে একা পেয়েও ভাগ্যের কাছে মাথা নত করতে হয়েছিল। আর এবার আরামবাগের বিপক্ষে চারটি সুযোগের মধ্যে তিনটিই কাজে লেগেছে।

বসুন্ধরা এক ম্যাচ কম খেলে ৭ খেলায় ৬ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে উঠে এসেছে। ৮ খেলায় আবাহনী ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আরামবাগ ৮ খেলায় ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে।

মুক্তিযোদ্ধা জয়ে ফিরেছে

গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ২-০ গোলে বিজেএমসিকে হারিয়েছে। মুক্তিযোদ্ধার নিজেদের ভেন্যুতে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেন মেহেদী এবং সুজন। ৭ খেলায় ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা গোল গড়ে চট্টগ্রাম আবাহনীকে টপকে গেছে। লিগের একমাত্র দল বিজেএমসি ৮ ম্যাচে এখনো জয়ের মুখ দেখেনি। ৩টি ড্র রয়েছে। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ও আবাহনীর ম্যাচ।