আদিবাসীদের জমি দখলের চেষ্টা, হামলা, আহত ৫

মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া গ্রামে আদিবাসীদের জমি দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় পাঁচজন আদিবাসী আহত হন। ঘটনার প্রতিবাদে আদিবাসীরা গতকাল সড়ক অবরোধ করেন।

টংপাড়ার আদিবাসীরা জানান, আদিবাসীরা এ গ্রামটিতে শত বছরের অধিক সময় ধরে বসবাস করে আসছে। কিন্তু একাধিক জলিয়াত চক্র জাল দলিল তৈরি করে তাঁদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।এ চক্রের একজন তরিকুল ইসলামের নেতৃত্বে আদিবাসীদের জমিতে গাছ লাগিয়ে তা দখলের চেষ্ট চালানো হয়। এ সময় আদিবাসীরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালায় তরিকুল ইসলামের লোকজন। এ সময় নিমচাঁদ রাজোয়ার (৫০), কল্পনা রাজোয়ার (৩৫), কুটিলা রাজোয়ার (৬০) ও আরও কয়েকজন আদিবাসী তাদের হাতে মার খেয়ে আহত হন।