চোট পেয়ে ছিটকে পড়া নেইমার ও এডিনসন কাভানির অনুপস্থিতি টেরই পেতে দিলেন না কিলিয়ান এমবাপে। ফরাসি এই ফরোয়ার্ডের জোড়া গোলে লিগ ওয়ানে নিমকে হারিয়েছে পিএসজি। ম্যাচ শেষে কোচ থমাস টুখেল তাই তার ভূয়সী প্রশংসাই করলেন। যদিও, কোচ মনে করছেন এমবাপের পক্ষে এই ম্যাচে আরো গোল করা সম্ভব ছিল। শনিবার স্থানীয় সময় বিকালে ৩-০ গোলে জেতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
ক্রিস্তোফা এনকুনকুর গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। ম্যাচ জুড়ে বল দখলে ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করা পিএসজি ৪০তম মিনিটে এগিয়ে যায়। মাঝমাঠ থেকে মার্কো ভেরাত্তির উঁচু করে বাড়ানো বল ডি-বক্সের মুখে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি মিডফিল্ডার এনকুনকু।
৬৯ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বাঁ দিক দিয়ে দ্রুত বক্সে ঢুকে দুজন ডিফেন্ডারের মধ্য দিয়ে হুয়ান বের্নাতের বাড়ানো বল ছোট ডি-বক্সের মুখে পেয়ে প্লেসিং শটে জালে ঠেলে দেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন তিনি।
আর ৮৯তম মিনিটে মাঝমাঠের কাছ থেকে এনকুনকুর বাড়ানো বল ধরে অনেকটা এগিয়ে বক্সে ঢুকে জোরালো শটে জয় নিশ্চিত করেন রাশিয়া বিশ্বকাপে চার গোল করা এমবাপে। চলতি লিগে সর্বোচ্চ ২২ গোল এমবাপের। ২৫ ম্যাচে ২২ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬৮। এক ম্যাচ বেশি খেলা লিল ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
ম্যাচ শেষে টুখেল বলেন, ‘ও সত্যিই দারুণ। তবে, ওর তো এবার চার-পাঁচ গোল করা উচিত্ ছিল। ও নিজেকে অন্য এক পর্যায়ে নিয়ে যাচ্ছে। ওর মধ্যে অতিমানবীয় কিছু গুণাবলী আছে। ও দলের জন্য সর্বোচ্চটা দিতে চায় সব সময়। ও বাকিদের জন্যও সুযোগ সৃষ্টি করে।’
অধিনায়ক থিয়াগো সিলভা এবার মনোযোগ দিতে চান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দিকে। আগামী মাসে এই আসরে পিএসজিকে লড়তে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। তিনি বলেন, ‘আমরা নিজেদের খেলা ধরে রেখে জিততে পারছি এটাই বড় ব্যাপার। কোচ আমাদের পুরো দলটাকেই ঝালাই করে দেখছেন। এবার আমরা আরো বড় আসরের দিকে মনোযোগ দিতে চাই। প্রতিপক্ষ যেই হোক না কেন সব সময় নিজেদের ধরে রাখাটা জরুরী। আমরা সেটা করতে পারছি। আশা করি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।’
এমবাপের প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘এমবাপে দারুণ করছে। ওর সামনে উজ্জ্বল একটা ভবিষ্যত্ পড়ে আছে। ওর এখন বর্তমান এই ফর্ম ও মানসিকতাটা ধরে রাখতে হবে।’