স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ

নেত্রকোনায় স্ত্রী ও সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নেত্রকোনার অতিরিক্ত জেলাও দায়রা জজ মো আব্দুল হামিদ বুধবার এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল হাশেম (৩৫) নেত্রকোনা সদর উপজেলার সাটিয়া গ্রামের বাসিন্দা। রায়ে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুঁলিয়ে রাখার নির্দেশ দেয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নেত্রকোনা সদর উপজেলার সাটিয়া গ্রামের আবুল হাশেমের সাথে দুধকুড়া গ্রামের মৃত লালু শেখের কন্যা আয়েশার বিবাহ হয়। তাদের দুটি সন্তান ছিল। হাশেম স্ত্রী ও সন্তানসহ শ্বশুর বাড়িতে থাকাকালীণ বড় ছেলে আশেকুল (৩) মারা যায়। এরপর হাশেম স্ত্রী ও ১১ মাসের শিশু পুত্রকে নিয়ে নিজ বাড়িতে চলে আসে। ২০০৩ সনের ০৬ নভেম্বর হাশেম তার স্ত্রী আয়েশা খাতুন (২৫) এবং তার শিশু পুত্র তরিকুলকে রাতে হত্যা করে নিকটবর্তী একটি জঙ্গলে ফেলে দেয়। এ খবর জানান পর আয়েশার মা রাবিয়া খাতুন বাদী হয়ে নেত্রকোনার বারহাট্টা থানায় মামলা করলে পুলিশ তদন্ত শেষে ২০০৪ সনের ৭ জানুয়ারি চার্জশীট দাখিল করে। বিজ্ঞ জজ উভয়পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট সাইফুল আলম এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট আশীষ কুমার সিংহ।