নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কর্মকর্তার পুত্র আটক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে মতিউজ্জামান হিরা (৩২) নামে এক পুলিশ কর্মকর্তার পুত্র আটক হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে শহরের জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে পুলিশ তাকে আটক করে। আটককৃত মতিউজ্জামান হিরা সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখায় (ডি এস বি) কর্মরত এক উপ-পরিদর্শক’র (এস আই) পুত্র।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা দেড়টার দিকে মতিউজ্জামান হিরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা মো হাবিবে মিল্লাত মুন্না এমপি’র ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে তাদের দুইজনের চাহিদাপত্র (ডিও লেটার) নিজের কাছে থাকার কথা বলে সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রবিউল হাসানের কাছে নগদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। এর আগেও একই পরিচয়ে ওই কর্মকর্তার কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা নেয়ায় এবার সন্দেহ হলে ওই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।