গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে ঢাকা টাংগাইল মহাসড়কে টাংগাইল থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাড়াজোড়া এলাকায় বাঁকে এসে অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একতা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একতা এক্সপ্রেসের বাসটি মহাসড়কের পাশে থাকা একটি মুরগিবাহী পিকআপকে আঘাত করে। এ ঘটনায় যাত্রী ও পথচারিসহ ৩০ জন আহত হন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। মরদেহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে। যাত্রীদের অভিযোগ, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।