লক্ষ্মীপুর জেলা কারাগারে বিভিন্ন অনিয়মের অভিযোগে জেল সুপার মাহাবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে বুধবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম নাজিম উদ্দিনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহকারী কমিশনার বেগম উম্মে কুলসুম শম্পা (সদস্য সচিব), সহকারী পুলিশ সুপার শৈকত শাহীন (সদস্য) ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়নাল আবেদিন (সদস্য)। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
জেলা কারাগারের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর জেলা কারাগারে টাকার বিনিময়ে মোবাইল ফোন ব্যবহার, আসামিদের মাদকদ্রব্য সরবরাহ, হাসপাতালে অসুস্থ রোগীদের না রেখে প্রভাবশালী আসামিদের হাসপাতালের বেডে থাকার ব্যবস্থা করা, কারাগারের অভ্যন্তরে কক্ষ দখল করে প্রভাবশালী আসামিরা নিজেদের মত বেড তৈরি করে ‘রাজকীয়’ বসবাস প্রভৃতি বিভিন্ন অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া তাদের বিরুদ্ধে জেলা কারাগারের ভিতরে বন্দি আসামিদের সাথে খারাপ আচারণ, টাকার জন্য চাপ, নিম্মমানের খাবার পরিবেশন করায় আসামিরা প্রতিবাদ করলে জেলা কারাগারের ভিতরে জমাদারে রুমে নিয়ে জেল সুপার মাহবুবুল আলম, জেলার জয়নাল আবেদিনের সহযোগিতায় জমাদার আবু তাহেরসহ অন্য কারারক্ষীরা বন্দি আসামিদের অমানবিক নির্যাতনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে।
ইতিমধ্যে কারাগারের ভিতরে দাবীকৃত টাকা না দেয়ায় হাজতী সমুন নামে একজনকে বেদম মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
নির্যাতনের অভিযোগে চলতি বছরের ৩১ আগস্ট আদালতে অন্য মামলায় হাজিরা দিতে এসে বন্দি সুমন জেল সুপার মাহবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনসহ চারজনের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।