রাজশাহীতে পুলিশের ওপর ছাত্রশিবিরের হামলা

রাজশাহী মহানগরীর সাগরপাড়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে ইসলামী ছাত্র শিবির কর্মীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে এবং পটকা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়লে ছাত্রশিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ গ্রেফতারও হয়নি বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানা পুলিশ।   
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাদ যোহর নগরীর বেলদারপাড়ার দিক থেকে শতাধিক শিবির কর্মী ‘সাঈদী হল রাজাকার, তিনি আমাদের অহংকার’ শ্লোগানে মিছিল নিয়ে সাগরপাড়ার দিকে আসছিল। এ সময় তারা রাস্তার ধারে রাখা গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে। অবরোধ স্থানের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচের রাখা ইট ভেঙ্গে পুলিশের দিকে ছুঁড়তে থাকে। ওই ভবনের শ্রমিকরা ইট নিতে নিষেধ করলে তাদের অশ্লীল ভাষায় গালি-গালাজ করে ছাত্রশিবির কর্মীরা। হৈ চৈ শুনে রাস্তায় বেরিয়ে আসা এলাকাবাসীদের লক্ষ্য করেও ইট ও পটকা ছোঁড়ে তারা। পুলিশ সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়লে পালিয়ে যায় শিবির কর্মীরা ।
ঘটনাস্থলে উপস্থিত মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খাইরুল ইসলাম জানান, সাগরপাড়া এলাকায় শতাধিক শিবির কর্মী হঠাৎ করে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট ছোড়ে এবং আতঙ্ক সৃষ্টি করতে পটকা ফোটায়। গাছের গুড়ি ফেলে তারা রাস্তাও অবরোধ করে। পুলিশ তাদের হঠিয়ে দিতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়লে শিবিরকর্মীরা পালিয়ে যায়।
ওসি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে অভিযান চালানো হচ্ছে।