ডিএসইতে লেনদেন কমেছে, মুনাফা বেড়েছে লাফার্জ ও আইডিএলসির

 
বৃহস্পতিবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে। দুই দিন ধরে সূচক কমার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন কমেছে প্রায় ২১ শতাংশ। লেনদেনের সিংহভাগ হয়েছে জ্বালানি খাত ঘিরে। এ খাতে লেনদেন হয়েছে ১৫৮ কোটি টাকার, যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৮ শতাংশ। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাজারে যেসব কোম্পানির আয়ের প্রত্যাশা ভালো, সে কোম্পানিগুলোতে লেনদেন বাড়ছে। তবে ডিএসইর মোট লেনদেন আগের দিনের তুলনায় ২০ দশমিক ৮০ শতাংশ কমেছে। আর শেয়ার হাত বদলের পরিমাণ কমেছে ২৯ দশমিক ৯ শতাংশ।
এ দিকে, ডিএসইতে দর বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে ছিল ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও টেলিকমিউনিকেশন খাতের কোম্পানিগুলো।প্রান্তিক শেষে ভালো আয় হওয়ার প্রত্যাশায় এ কোম্পানিগুলোর চাহিদা বাড়ছে।
তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৬ কমে ৫ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৫ কমে ১ হাজার ৯৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৭২ কোটি ৫৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৫০ কোটি টাকা কম। লেনদেনকৃত ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫০ কমে ১৫ হাজার ৯১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৯ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৩৭ লাখ টাক বেশি। লেনদেনকৃত ২২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জ সুরমা সিমেন্টের ৩০ সেপ্টেম্বর ২০১৪ (জুলাই-সেপ্টেম্বর) তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা বেড়েছে।করপরবর্তী মুনাফা হয়েছে ৭০ কোটি ৬২ লাখ টাকা এবং  শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা, যা আগের বছর একই সময়ে ৩৬ কোটি ৫ লাখ টাকা ও ০.৩১ টাকা। একই প্রান্তিকে তালিকাভুক্ত আর্থিক খাতের আইডিএলসি ফাইন্যান্সের করপরবর্তী মুনাফা হয়েছে ৪২ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ১৩ টাকা, যা আগের বছর একই সময়ে হয়েছিল যথাক্রমে ১৬ কোটি ১১ লাখ টাকা ও ০.৮০ টাকা।