জাতীয় সাঁতারে মেয়েদের বিভাগে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। ছেলেদের বিভাগে সেরা হয়েছেন একই দলের মাহফিজুর রহমান সাগর। টুম্পা ৬টি রেকর্ডসহ ৭টি সোনা জিতেছেন। আর সাগর জিতেছেন ৪টি রেকর্ডসহ ৮টি সোনা।
বৃহস্পতিবার গোপালগঞ্জের সুইমিং পুলে শেষ দিনের প্রথম রেকর্ডটি গড়েন নাঈমা আক্তার। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু ১ মিনিট ১৭.৩২ সেকেন্ড সময় নেন।
১০০ মিটার মিডলে রিলেতে রেকর্ড গড়ে নৌবাহিনীকে সোনা এনে দিয়েছেন নাজমা খাতুন, সোনিয়া আক্তার, মাহফুজা খাতুন ও লিমা আক্তার; ৫ মিনিট ০.৫০ সেকেন্ডে সাঁতার শেষ করেন তারা।
ওয়াটার পোলোতে নৌবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। হ্যান্ড টাইমিংয়ের এই আসরে ৩৮টি ইভেন্টের ১৫ টিতে নতুন জাতীয় রেকর্ড গড়েন সাঁতারুরা।
২৭তম জাতীয় সাঁতারে নৌবাহিনী। পদক তালিকায় শীর্ষে। দলটি ২৬টি সোনা, ১৩টি রূপা ও ১৭টি ব্রোঞ্জ জিতেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সেনাবাহিনী। তারা মোট ১৪টি সোনা, ২৪টি রূপা ও ১৪টি ব্রোঞ্জ জিতেছে।
তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি। তারা ৩টি সোনা ও ১টি ব্রোঞ্জ পেয়েছে। বাংলাদেশ আনসার ৪টি রূপা ও ৭টি ব্রোঞ্জ পেলেও কোন সোনা জিততে পারেনি।