আফ্রিকা কাপ অব নেশন্সের ২০২৫ আসরের নাটকীয় ফাইনালে মরক্কোকে ১-০ গোলে হারিয়েছিল সেনেগাল। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক মাস পর বদলে যায় সেই ফলাফল। রেফারির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ম্যাচের মাঝে মাঠ ছেড়ে যাওয়ায় সাদিও মানের দলের বদলে গত মার্চে আশরাফ হাকিমির মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দীর্ঘ অপেক্ষার পর কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) চূড়ান্ত রায়ে শিরোপা ফিরে পেল সেনেগাল।
চলতি বছরের ১৮ জানুয়ারি রাবাতে বিতর্কিত ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল। তবে মাঠে নিষ্পত্তি হওয়া ম্যাচটি মাসের পর মাস ধরে আইনি বিবাদে পরিণত হয়েছিল। মার্চের মাঝামাঝিতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালের কাছ থেকে ট্রফি কেড়ে নেয় এবং মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। কারণ রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সেনেগাল খেলোয়াড়রা ম্যাচ বয়কট করেছিল। পরে তারা মাঠে ফিরে পাপে গুয়ের গোলে অতিরিক্ত সময় ম্যাচ জেতে।
কিন্তু সেনেগালের বিপক্ষে খেলার নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনে মরোক্কান ফেডারেশন। আফ্রিকা কাপ অব নেশন্সের নীতিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ বিবেচনায় এনে তাদের সিদ্ধান্ত জানায়। যেখানে বলা হয়েছে, নির্ধারিত সময় শেষ হওয়ার আগে যে কারণেই হোক না কেন, রেফারির অনুমতি ছাড়া মাঠ ছাড়লে বা খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরাজিত বিবেচনা করা হবে এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়বে। সেই আইনে সিএএফ মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে।
রেফারি জঁ-জ্যাক এনদালার নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে সিএএস এখন সেই আগের রায়টি বাতিল করেছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো দল খেলতে অস্বীকৃতি জানালে তাদের ম্যাচটিতে পরাজিত বলে গণ্য করার কথা। তবে সিএএস জানিয়েছে যে, এই নিয়মটি কেবল তখনই প্রযোজ্য, যখন কোনো দলের আচরণের কারণে রেফারি খেলাটি স্থায়ীভাবে বন্ধ করে দিতে বাধ্য হন। কিন্তু খেলা পুনরায় চালু হয়ে শেষ বাঁশি পর্যন্ত চলেছে।
সেটি উল্লেখ করে সিএএস জানিয়েছে, খেলা পুনরায় শুরু করার ক্ষেত্রে এনদালা ‘আইনত কোনো ভুল করেননি’ এবং এই সিদ্ধান্ত নেওয়ার ‘একচ্ছত্র এখতিয়ার’ তারই ছিল। সিএএস-এর তিন বিচারকই এ বিষয়ে একমত ছিলেন। সিএএস আরও জানায়, ‘প্যানেল স্বীকার করেছে যে, অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতিতে রেফারিকে সিদ্ধান্ত নিতে হয়েছিল। তবে, এই পরিস্থিতিগুলো কোনোভাবেই তার সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী হিসেবে অভিহিত করার যৌক্তিক ভিত্তি হতে পারে না। বরং রেফারির নেওয়া সিদ্ধান্তে খেলার বাইরের কোনো বিষয়ের প্রভাব ছিল বলে মনে হয় না।’
