টাঙ্গাইলের সখীপুরে দেড় বছরের এক শিশুকে খুন করে লাশ বাড়ির পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে মর্মান্তিক এ খুনের ঘটনাটি ঘটেছে উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে। খুনের শিকার দেড় বছরের ওই শিশুর নাম জান্নাত। বাবা লিবিয়া প্রবাসী রতন শিকদার।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় ঘরের বারান্দায় ৩/৪ জন শিশুর সাথে ওই শিশুটি খেলার সময় নিখোঁজ হয়। তার মা হোসনে আরা আক্তার বাড়ির ভেতর থেকে এসে বাচ্চাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় বাড়ির পাশে ধান ক্ষেতে ওই বাচ্চার মাথা ও নাড়ি-ভূঁড়িসহ লাশ পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সখীপুর থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, কেউ না কেউ এই শিশুকে খুন করে লাশ ফেলে রেখে গেছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশীদ জানান, ময়না তদন্তের রিপোর্টে সার্বিক অবস্থা জানা যাবে। তবে এই শিশু খুনের সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে সর্বাতœক চেষ্টা চালানো হবে। এদিকে, এ শিশু খুনের ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে লাশ দেখতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ ছুটে আসেন। এ সময় এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। শিশুর মা হোসনে আরা আক্তার বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।