‘গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকেই সতর্ক হতে হবে’

বোতলজাত গ্যাস সিলিন্ডার এলপিজি ও সিএনজি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা কমাতে সরকারি মাননিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি গ্রাহকদেরও সতর্ক হতে হবে। সরকার মান নিশ্চিতের ব্যাপারে কঠোর হয়েছে। গ্রাহকদেরকেও মানসম্পন্ন পণ্য ব্যবহারে আপসহীন হতে হবে। সব পক্ষের প্রচেষ্টায় নিরাপদ জ্বালানির ব্যবহার নিশ্চিত করা যাবে। গতকাল রবিবার রাজধানীর শুক্রাবাদে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘সক্ষমতা উন্নয়ন ও সুশাসনের জন্য ওয়েবভিত্তিক বিদ্যুত্ ব্যয় পরিকল্পনা’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, সরকার বিদ্যুত্খাতে প্রায় ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে যে সমালোচনা করা হয় সেটা সঠিক নয়। এটিকে ভর্তুকি না বলে বিনিয়োগ বলা উচিত।

এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, সব সময় অভিযোগ করা হয়- আমরা নাকি সরকারের স্বার্থ নিয়ে কাজ করি। কিন্তু বিদ্যুতে ‘ন্যূনতম বিল’ তুলে দেয়ার কারণে সরকারের যে আর্থিক ক্ষতি হয়েছে আর সাধারণ জনগণের যে উপকার হয়েছে- সেটা কেউ দেখছে না।

বিদ্যুত্ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, বিভিন্ন মহল থেকে বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সমালোচনা করা হয়। কিন্তু প্রতিবেশী ভারত, পাকিস্তান এমনকি জ্বালানিসমৃদ্ধ দুবাইতে যে হারে গত দশ বছরে বিদ্যুতের দাম বেড়েছে, বাংলাদেশে সেই হারে এখনো বিদ্যুতের দাম বাড়েনি।

প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলমের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ সেন্টারের চেয়ারম্যান শাহীন আহমেদ চৌধুরী।