বরিশালে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১২

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে দেড় ঘন্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন- বরগুনা জেলার বাদল (২৬), মনির (২৮), মাসুম (৫০), পিয়ারী (৬০), বাবুল আকন (৩০), পটুয়াখালী জেলার মাহাবুব (২৬), বরিশাল সদর উপজেলা আরিফ (২৬), ঝুমুর (৩০), বায়োজিদ(১১), বাকেরগঞ্জ উপজেলার রমজান(১১), ভোলা জেলার আব্দুর রহমান (৫৫) ও ঢাকার কেরানীগঞ্জের ইউসুফ সর্দার (৪০)।
প্রত্যক্ষদর্শী ও বিমান বন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান বলেন, "বরগুনার আমতলী থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের যাত্রীবাহী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামীণ পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন বাসের ১২ যাত্রী।"