ফসল ফলিয়ে উত্পাদনকারীরা তেমন লাভবান হচ্ছে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। কৃষির উপখাতেও ভালো অগ্রগতি হয়েছে। ফসল, সবজি ফলসহ পোলট্রি ও ডেইরি ফার্মেও উত্পাদন ভালো। কিন্তু লাভবান হচ্ছেন না উত্পাদনকারীরা। উত্পাদন খরচ ও বিক্রির মধ্যে তেমন তারতম্য নেই। অনেক সময় উত্পাদন খরচের চেয়ে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হন উত্পাদনকারীরা।
গতকাল রবিবার সচিবালয়ে কানাডার হাইকমিশনার বেনোয়াট প্রিফন্তেন-এর সাথে বৈঠকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।
তিনি বলেন, খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ শিল্পের যথাযথ বিকাশ হলে কৃষি সেক্টর লাভবান হবে। এক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগে কানাডার সহযোগিতা চান মন্ত্রী। এছাড়া আমাদের কৃষিবিজ্ঞানি, গবেষকদের এবং টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এ সেক্টর আরও লাভবান হবে।
হাইকমিশনার বলেন, বাংলাদেশের সামপ্রতিক উন্নয়ন বেশ লক্ষণীয়। দু’দেশের মাঝে ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন ও বাণিজ্য সম্পর্ককে আরও দৃঢ়করণের লক্ষ্যে কাজ করছে কানাডা। তিনি বলেন, চলতি বছর তারা খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সে ক্ষেত্রে বাংলাদেশ প্রাধান্য পাবে। তারা কৃষি গবেষণা প্রশিক্ষণসহ টেকনিক্যাল সহায়তা করবে বাংলাদেশকে। জার্মপ্লাজম, শস্যের বৈচিত্র্যায়ন ও শস্যের নতুন নতুন জাত উদ্ভাবনে যৌথভাবে কাজ করবে।