গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে পুলিশ ওই ছাত্রীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে। সে ভিটিপাড়া গ্রামের নুর মোহাম্মদের মেয়ে।
পুলিশ জানায়, শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মরিচার চালা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী (১০) গতকাল শুক্রবার রাতে তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ীর পাশে একটি পূজা মন্ডপে পূজা দেখতে যায়। রাতে ছোট বোন বাড়ী ফিরলেও ওই ছাত্রী বাড়ী ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ীর পাশে একটি বেগুন ক্ষেতে তার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।