ন্যাশনাল ফিড মিল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা রবিবার থেকে শুরু হয়ে চলবে বৃস্পতিবার পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশীরা সময় পাবেন ৮ নভেম্বর পর্যন্ত। ব্যাংকে আবেদনপত্র ও টাকা জমা দেয়ার প্রচলিত পদ্ধতির পাশাপাশি নির্ধারিত ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের মাধ্যমেও জমা দেয়া যাবে। ন্যাশনাল ফিডের আইপিওতে কোনো প্রিমিয়াম নেই। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়ছে ন্যাশনাল ফিড। আইপিওতে কোম্পানিটি ১ কোটি ৮০ লাখ শেয়ার ছেড়ে ১৮ কোটি টাকা সংগ্রহ করবে। গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ৮৫ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ বা এনএভি ছিল ১৪ টাকা ৫৫ পয়সা।
প্রতিষ্ঠানটি পোল্ট্রি, ডেইরি ফার্ম ও ফিশারিজ খামারের জন্য খাদ্য উত্পাদন করে। পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহের পর কোম্পানিটি উত্পাদন ক্ষমতা বাড়াবে। এ ছাড়া, সংগৃহীত অর্থ দিয়ে মেয়াদি ও চলতি মূলধনের চাহিদা মেটানো হবে। জানা গেছে— গত ২৬ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।