শনিবার রাত ১০টায় মাঠে গড়াচ্ছে বছরের প্রথম ‘এল ক্লাসিকো’

রেকর্ডে চোখ মেসির, ক্ষুব্ধ রোনালদো

 
 
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার চিরায়ত লড়াইয়ে এবার আর শুধু লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোই নন, তাদের সাথে যুক্ত হচ্ছে বিশ্ব ফুটবলের আরো কজন মহাতারকা। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ শনিবার মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে দুনিয়ার সেরা দুই খেলোয়াড়ের পাশাপাশি দেখা যেতে পারে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, ইতিহাসের সবচাইতে দামি পাঁচ ফুটবলারের চারজনকে। এছাড়াও অভিষেকের অপেক্ষায় থাকবেন বিতর্কিত ফুটবলার লুই সুয়ারেজ। তবে সবাইকে ছাড়িয়ে আলোচনায় মেসি রোনালদো। কেননা মেসির সামনে ইতিহাস গড়ার হাতছানি, অপরদিকে রোনালদোর লক্ষ্য গোলের ফর্ম অব্যাহত রাখা।
বার্সেলোনা ও রিয়ালের এই দ্বৈরথে সবসময়েই ফুটবলামোদীদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন দু’জন করে তারকা। ১৯৫০ ৬০ এর দশকে ছিলেন আলফ্রেড ডি স্টেফানো ও ফেরেঙ্ক পুসকাস। এরপর ১৯৭০ ও ৮০’র দশকে ছিলেন য়োহান ক্রুইফ ও দিয়েগো ম্যারাডোনা। তারপর আবার মেসি-রোনালদোর দ্বৈরথে মুখর সাম্প্রতিক বছরগুলো। রোনালদো ও মেসি এ পর্যন্ত এল ক্ল্যাসিকো খেলেছেন যথাক্রমে ২১ ও ২৮টি। এরমধ্যে রোনালদোর (৫) চাইতে মেসির (১৪) জয়ের পাল্লা ভারী।
স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার হয়ে এদিন নিষেধাজ্ঞা কাটিয়ে অভিষেক হতে পারে উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজের যিনি সাড়ে সাত কোটি পাউন্ডে লিভারপুল থেকে কাতালান ক্লাবটিতে আসেন। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় ইতালি ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড়ে দেয়ায় ফিফা তাকে জাতীয় দলের হয়ে নয় ম্যাচ এবং ক্লাব ফুটবলে খেলার ব্যাপারে চারমাসের নিষেধাজ্ঞা দেয়। ক্লাব ফুটবলের সেই নিষেধাজ্ঞার অবসানে এখন তার ম্যাচে ফেরার পালা।
মেসির জন্য এ লড়াইটি স্মরণীয় হয়ে থাকতে পারে লা লিগার সর্বাধিক গোলদাতার রেকর্ড গড়ার সুবাদে। চারবারের বিশ্বসেরা খেলোয়াড়টি আর এক গোল পেলেই ১৯৪০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলে লা লিগায় রেকর্ড ২৫১টি গোল করা টেলমো জারার সমকক্ষ হবেন। আর যদি দুই গোল পান তাহলে হবেন নতুন রেকর্ডের অধিকারী।
কাতালান ক্লাবটির মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা মনে করেন স্বাগতিক রিয়ালের বিপক্ষে মেসি এবং সুয়ারেজ দু’জনই ভাল করবেন। মেসির রেকর্ডের ব্যাপারে ইনিয়েস্তা বলেন, ‘আমি মনে করি, খেলায় মেসি দু’টি গোল করবে। এটা আমাদের জন্য দারুণ ব্যাপার হবে।’ সুয়ারেজের অভিষেক নেয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সৌভাগ্যক্রমে সুয়ারেজের খেলার কাঙ্ক্ষিত সময় এসেছে। ব্যাপারটি নিয়ে সে খুবই খুশি।’
মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে বার্সার পেছনে রয়েছে সামপ্রতিক পরিসংখ্যান। বার্নাব্যুতে লা লিগায় সর্বশেষ ছয় খেলার মধ্যে চারটিতেই জয় পেয়েছে বার্সা। তবে বার্নাব্যুতে জয় পাওয়াটা কঠিন বলে মনে করেন ইনিয়েস্তা, ‘দুই দলই শক্তিশালী। যেকোনো মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ একদল থেকে অন্যদলে চলে যেতে পারে। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নামতে চাই। খেলাটি জিততে অনেক ভাল ফুটবল খেলতে চাই আমরা। যদিও বার্নাব্যুতে জয় সহজ কিছু নয়।’
রোনালদো অবশ্য এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন। লিগের সাত খেলায় ১৫ গোল করে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা। লা লিগার বাইরে উয়েফা সুপার কাপে সেভিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে তিন গোল করেছেন সমান সংখ্যক খেলায়। সবমিলিয়ে চলতি মৌসুমে ১৩ খেলায় ২০ গোল আছে পর্তুগীজ স্ট্রাইকার রোনালদোর। তারপরও দেখার বিষয় বার্সেলোনা গোলরক্ষক ক্লডিও ব্র্যাভোকে পরাস্ত করতে পারেন কিনা। কেননা বার্সেলোনার হয়ে আট খেলায় এখন পর্যন্ত কোন গোল হজম করেননি ব্র্যাভো।
রোনালদো অবশ্য ইতোমধ্যে অভিযোগ করেছেন শনিবারই মৌসুমের প্রথম এল ক্লাসিকো হচ্ছে বলে বার্সেলোনা ‘অন্যায্য’ সুবিধা পাচ্ছে। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের সঙ্গে খেলার পর এ লড়াইয়ের আগে বিশ্রামের জন্য খুব বেশি সময় পায়নি রিয়াল। এ ক্ষেত্রে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে একদিন আগে আয়াক্সের বিরুদ্ধে খেলায় বিশ্রামের জন্য বেশি সময় পেয়েছে। ফলে আজকের লড়াইয়ে কাতালানরা বেশি সুবিধা পাবে বলে বিশ্বাস রোনালদোর। তিনি বলেন, ‘খেলাটি রবিবার হলে, সবচেয়ে ভাল হতো। তবে আমরা এটাকে কোনো অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না।’
এদিকে ব্রাজিল বিশ্বকাপ কাঁপানো তারকা ও সর্বোচ্চ গোলদাতা হামেস রড্রিগেজের এটাই হতে যাচ্ছে প্রথম এল ক্ল্যাসিকোতে অংশগ্রহণ। ইনজুরির কারণে উইঙ্গার বেল থাকছেন না বলে বাড়তি দায়িত্ব থাকবে রড্রিগেজের ওপর। এ ব্যাপারে কলম্বিয়ান ফুটবলারটি বলেন, ‘এটা কঠিন একটি খেলা হবে। আমি শান্তভাবেই ম্যাচটিতে অংশ নিতে চাই, দায়িত্ব নিয়ে খেলতে চাই এবং দলের জয় পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে চাই।’
সামপ্রতিক সপ্তাহগুলোতে বিশ্বকাপের নৈপুণ্যের ছাপ ক্লাব ফুটবলেও দেখাতে শুরু করে দিয়েছেন রড্রিগেজ। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার রিয়ালের সর্বশেষ খেলায় লিভারপুলের বিপক্ষে রোনালদোর প্রথম গোলে দারুণ জোগান দেন তিনি। অ্যানফিল্ডে অনুষ্ঠিত খেলাটিতে ৩-০ গোলের সহজ জয় পায় অতিথি রিয়াল। এর ফলে সব ধরনের প্রতিযোগিতায় আট খেলার সবক’টিতেই অপরাজিত রইল কোচ কার্লো অ্যানচেলত্তির দল। আসন্ন লড়াইয়ের আগে দলের পাশাপাশি নিজেও ভাল ফর্মে আছেন বলে জানালেন রড্রিগেজ, ‘আমি ভাল ফর্মে আছি, দলও ফর্মে আছে। আমাদের শক্তিশালী একটি দল রয়েছে এবং মানসিকভাবেও আমরা ঐক্যবদ্ধ।’
অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটিতে রিয়াল ডিফেন্ডার সার্জিও র্যামোসের মাঠে নামা নিয়ে এখনো সন্দেহ রয়েছে। ইনজুরিতে থাকায় গত চারটি ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে দলের হয়ে অনুশীলন করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। বার্সা শিবিরেও আছে ইনজুরির খড়গ। কোমরের চোটে থাকায় চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিরুদ্ধে গত মঙ্গলবার বার্সার হয়ে খেলতে পারেননি সার্জিও বাস্কেটস। খেলাটিতে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের উপস্থিতি অনিশ্চিত। মার্কা/এএফপি।