র‌্যাব কার্যালয়ের সামনে জাপানি গবেষককে ছুরিকাঘাত



রাজশাহীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিনজি চুজু (৩৭) নামে এক জাপানি গবেষক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৭ নম্বর ক্যাবিনে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে মহানগরীর বিনোদপুর এলাকার র‌্যাব-৫ এর সদর দফতরের প্রধান ফটকের সামনের মহাসড়কে ছিনতাইকারীর কবলে পড়েন ওই গবেষক। কিনজি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিসার্চফেলো হিসাব কাজ করছেন।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক মঞ্জুর হোসেনের সঙ্গে কেমিক্যাল ব্যবহার না করেই বিভিন্ন ধরনের ফল দীর্ঘদিন সংরক্ষণ বিষয়ে গবেষণা করছেন তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামজীদ আলী জানান, দুজন পথচারী তাকে উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। কিনজির বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ৫ নম্বর ওয়ার্ডে নেয়া হয়। এরপর তাকে ৭ নম্বর কেবিনে নেয়া হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে কিনজি চুজু রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী তার ঘাড়ে থাকা ব্যাগের ফিতা চাকু দিয়ে কেটে ব্যাগটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এতে বাধা দিলে কিনজি চুজুকে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলো ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি।