উপজেলায় নারী উন্নয়ন সমিতির সভানেত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকাবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শুক্রবার রাতে সাতগাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের সাতগাড়া গ্রামের নারী উন্নয়ন সমিতির সভানেত্রী গত শুক্রবার সন্ধ্যার পর পীরগঞ্জ বন্দর থেকে বাড়ি ফেরার পথে দ্বারিকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা মুকুল তার পথ রোধ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিত্কারে গ্রামবাসী জড়ো হয়ে মুকুলকে আটক করে। ওই রাতেই গ্রামবাসী তাকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে।
এ ব্যাপারে ওই নেত্রী বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের চেষ্টার অপরাধে মামলা দায়ের করেন। গতকাল শনিবার পুলিশ মুকুলকে রংপুর কোর্ট হাজতে প্রেরণ করে।