মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস ডোবায়, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্যম ফরাজি কান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলেই মাসুদ রানা(১৮) এবং ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন খাদেম আলী (২৩) নিহত হন। শনিবার দিবাগত রাত পৌনে তিনটায় ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী ডোবায় পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় বাসটির অর্ধেক অংশ পানিতে ডুবে যায়। রবিবার ভোরে রেকার দিয়ে বাসটি টেনে উঠানো হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্য সার্জেন্ট মো. সাইফুল ইসলাম আহত যাত্রীদের বরাত দিয়ে জানান, বাসের চালক ঝিমাচ্ছিলেন। চালককে বারংবার সর্তক করার পরও তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বাস চালিয়ে যাচ্ছিলেন।
মো. সাইফুল ইসলাম জানান, বাসের চালক পালিয়ে গেছে। বাসটি আটক রাখা হয়েছে। লাশ দু’টি ভবেরচর ফাঁড়িতে রেখে স্বজনদের খবর দেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।