টেকনাফে পৃথক অভিযানে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসব অভিযানে দুই ব্যক্তি আটক হয়েছেন।

বিজিবি জানায়, রবিবার ভোরে ইয়াবার পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবি’র একটি বিশেষ দল উপজেলার সদর ইউনিয়ন নাজির পাড়ার আচার বনিয়া সংলগ্ন নাফনদী তীরে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার মুল্য দেড় কোটি টাকা।
অপর দিকে গতকাল শনিবার রাত আটটায় হোয়ইক্যং বিজিবির টেকপোস্টে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ সাতকানিয়া এলাকার আবুল কাসেমকে আটক করে বিজিবি।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাচঁ ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত ৫০ হাজার ইয়াবা সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উধর্তন কর্মকর্তার সামনে  ধ্বংস করা হবে।’
এদিকে রবিবার সকাল ১১টায় উপজেলার শ্যামলাপুর সড়কে অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ। আটক মো. শাকের (২৮) নতুন পল্ললপাড়া এলাকার বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন এসব অভিযানের সত্যতা নিশ্চিত করে দুই ব্যক্তি আটক হয়েছেন বলে জানান।