৬ হাজার ৬৯০ জন শান্তিরক্ষা মিশনে কর্মরত

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক (আইনমন্ত্রী) সংসদকে জানিয়েছেন, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৪ হাজার ৯০৮ জন সৈনিক কর্মরত রয়েছেন। এরমধ্যে সেনাবাহিনীর ৪ হাজার ৪২৮, নৌবাহিনীর ২২৪ ও বিমানবাহিনীর ২৫৬ জন রয়েছেন। সকল পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য সদস্যসহ বর্তমানে ৬ হাজার ৬৯০ জন সদস্য বিভিন্ন মিশনে নিয়োজিত আছেন। এই হিসাব গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল রবিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বরিশাল-২ আসনের শাহে আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য দেন। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কঙ্গো, লেবানন, দক্ষিণ সুদান, সুদান (দারফুর), পশ্চিম সাহারা, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইউএসএ (নিউইয়র্ক)- এ বাংলাদেশের সদস্যরা মিশনে কর্মরত। ৬ হাজার ৬৯০ জনের মধ্যে সেনাবাহিনীর ৫ হাজার ১৯৮, নৌবাহিনীর ৩৪৭, বিমানবাহিনীর ৪৯৮ ও পুলিশের ৬৪৭ জন সদস্য রয়েছেন।

একই প্রশ্নের জবাবে আনিসুল হক আরও জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশ থেকে জাতিসংঘের চাহিদার ভিত্তিতে শান্তিরক্ষী পাঠানো হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে নিজস্ব নীতিমালা অনুসরণ করে থাকে। তবে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী মোতায়েন বৃদ্ধির জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।