রাজশাহীতে অপহৃত একটি প্রাইভেট মেডিক্যাল টেকনোলজির শিক্ষার্থী আপেল মাহমুদকে (২২) পুলিশ উদ্ধার করেছে। অপহরণের একদিন পর শনিবার বিকেলে পদ্মার চরে অভিযান চালিয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে। গত শুক্রবার দুপুরে অপহৃত আপেল মাহমুদ রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল গ্রামের সেফাত উল্যার ছেলে।
এদিকে শিক্ষার্থী অপহরণের ঘটনায় জড়িত তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এরা হলো, মহানগরীর রাজপাড়া থানার বায়পাড়ার গোলাম রাব্বানীর ছেলে গোলাম মাওলা (২৭), পবার হরিপুর ভাটাপাড়ার আব্দুল জলিলের ছেলে জনাব আলী (২৭) ও মোল্যাপাড়ার হারুন অর রশিদের ছেলে নাজমুল হক (২৭)। এ সময় ছাত্রের ব্যবহƒত মোটরসাইকেল এবং অপহরণকারীদের ব্যবহƒত অটোরিকশা উদ্ধার করা হয়। রবিবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপহরণ ও মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছে। ওসি আরো জানান, শুক্রবার দুপুরের দিকে নগরীর বরেন্দ্র জাদুঘর মোড় থেকে কৌশলে আপেল মাহমুদকে পদ্মার চরে নিয়ে যায় ওই তিন অপহরণকারী। তাকে চরের কয়েকটি বাড়িতে রাতভর আটকে রাখা হয়। এ সময় মোবাইলে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ২ লাখ টাকা মুক্তিপণ অন্যথায় ওই ছাত্রকে হত্যার হুমকি দেয়া হয়। বিষয়টি ওই ছাত্রের পরিবার বোয়ালিয়া মডেল থানা পুলিশকে জানালে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ওই ছাত্রকে উদ্ধার করা হয়।