বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে জার্মান ক্রেতারা ১ কোটি ডলার আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আগামী ছয় সপ্তাহের মধ্যে তাদের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। তবে এর আগে পোশাকশিল্পের সামাজিক ও কর্ম পরিবেশ বিষয়ে তারা একটি সমীক্ষা করবে বলে উল্লেখ করেন তিনি। রবিবার দুপুরে সচিবালয়ে ঢাকা সফররত জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় ও পার্লামেন্টের স্টেট সেক্রেটারি হ্যান্স জকাইম ফুকটেলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বৈঠক শেষে হ্যান্স জকাইম ফুকটেল বলেন, জার্মানি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের দ্বিতীয় বৃহত্ আমদানিকারক দেশ। ক্রেতা দেশ হিসেবে জার্মান ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিক ও শ্রমিকদের সঙ্গে নতুন অংশীদারত্ব স্থাপনে আগ্রহী। তিনি বলেন, রানা প্লাজা ধসের পর জার্মান ক্রেতারা যে আর্থিক বরাদ্দ দিয়েছে এর যথাযথ ব্যবহার ও শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নয়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ঘটনার পর বাংলাদেশের পোশাক শিল্পে যে পরিবর্তন এসেছে, সেটা টেকসই হবে এবং এটা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তৈরি পোশাকের মূল্য বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের তৈরি পোশাকের উত্পাদন ব্যয় বেড়েছে এবং তৈরি পোশাকের এই মূল্য বৃদ্ধি ক্রমান্বয়ে সমন্বয় করা হবে।