দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রবিবার আগারগাঁওয়ের ইটিআই ভবনে পঞ্চম উপজেলা নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মাহবুব তালুকদার বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অতি সন্নিকটে। এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা কেবল অগ্রণী ভূমিকা নয়, সামগ্রিক ভূমিকা পালন করবেন। এই নির্বাচনে কোনো প্রকার চাপ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নির্বাচনেই কোনোরূপ শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে আপনাদের সাহসিকতার সঙ্গে স্বীয় বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে।
প্রসঙ্গত: আগামী ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্চ মাসে মোট চার ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হবে।