তাইজুলের আঘাতে বিধ্বস্ত হয়েছে জিম্বাবুয়ে শিবির। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৩৯ রান দিয়ে ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তিনি। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ১১৪ রান। ১৪ রান লিড থাকায় ১০১ রানের টার্গেট নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো রান না করেই ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল (০)। ক্রিজে আছেন শামসুর (০) ও মুমিনুল (০)।
দিনের শুরুতেই তাইজুল বলে মুশফিককে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন সিবান্দা (১৪)। অন্যদিকে শাহাদাতের বোল্ডের শিকার হয়েছেন মাসাকাদজা (৫)। এরপর ব্যক্তিগত ২৫ রানে তাইজুলের বলে সাকিবকে ক্যাচ দিয়ে আউট হন সিকান্দার রাজা (২৫)। দলীয় রান যখন ৫৮ তখন মাত্র এক বলের ব্যবধানে আরো দুইটি উইকেট নেন তাইজুল। শামসুলের ক্যাচে চাকাবা (১০) ও শুভাগতের ক্যাচে চিগুম্বুরা (০) সাজঘরে ফেরেন। দলীয় ৯২ রানের মাথায় তাইজুলের বলে এলবিডব্লিউ হন এরভান (১০)। বিরতিতে যাবার আগে সর্বশেষ আঘাত হানেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ১ রান করে মুশফিককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নিয়াম্বু। মধ্যাহ্ন বিরতিতে যাবার সময় সফরকারীরা সংগ্রহ করে ৭ উইকেটে ৯৪ রান।
বিরতি থেকে ফিরে তাউজুলের আক্রমণের শিকার হন পানইয়াঙ্গারা (০), চাটারা (৪) ও কামুনগজি (০)।
এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৪০ রানের জবাবে ২৫৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।