রাবিতে জাতিসংঘের ছায়া সম্মেলন শুরু ২৯ অক্টোবর

 
দেশের তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এবং ঢাকার বাইরে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে মডেল ইউনাইটেড ন্যাশন্স (ছায়া জাতিসংঘ সম্মেলন)। আগামী ২৯ অক্টোবর থেকে ১ নবেম্বর পর্যন্ত ‘ইউনিসাব মান কনফারেন্স-২০১৪’ নামে এ সম্মেলনে বাংলাদেশসহ এশিয়ার ৯টি দেশের তরুণরা অংশগ্রহণ করবেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সেনাির কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউনিসাব মান-এর আন্ডার সেক্রেটারি ইমাদ উদ্দীন চৌধুরী জানান, এ সম্মেলনে মূলত জাতিসংঘের সম্মেলনের অনুকরণে সব কনফারেন্স অনুষ্ঠিত হবে। বাংলাদেশে এর আগে ঢাকা ও ব্যাক বিশ্ববিদ্যালয়ের এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৯ অক্টোবর এ সম্মেলনের উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মত্স ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এতে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, রাবির সিনেট ভবনসহ আটটি কনফারেন্স রুমে সম্মেলনের কার্যক্রম চলবে। আর এতে বিভিন্ন দেশের ৩৮জনসহ মোট ২৫০ জন তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। সংবাদ সম্মেলনে ইউনিসাব মান এর কো-অডিনেটর শরিত্ কাইয়ুম তালুকদার, আরইউমুনার জেনারেল সেক্রেটারি হুমাম আহমেদ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড ন্যাশন্স ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) ও রাজশাহী বিশ্ববদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশন্স অ্যাসোসিয়েশন (আরইউমুনা) আয়োজিত এ সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইউএনআইসি সহযোগিতা করছে।