জার্মান সরকার বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রশিক্ষণ ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ে অব্যাহত সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।
পার্লামেন্টারিয়ান স্টেট সেক্রেটারি অফ দ্যা ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনোমিক কোপারেশন এন্ড ডেভেলমেন্ট অফ জার্মানি হ্যান্স জোয়াকিম ফুকটেল বলেন, বাংলাদেশের সরকার ও বাংলাদেশি কোম্পানিগুলোর উন্নয়নে জার্মানির সহযোগিতা অব্যাহত থাকবে।
ফুকটেল গত ২৪ থেকে ২৬ অক্টোবর বাংলাদেশ সফর করেন। এ সময় তিনি বাংলাদেশের পোশাক খাতের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তৈরি পোশাক কারখানার মালিক এবং ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
তার এই সফর উপলক্ষে ঢাকাস্থ জার্মান দূতাবাস সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ধরনের সহযোগিতা প্রদানের উল্লেখ করা হয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাতকালে তিনি ফুকটেলকে জানান, তৈরি পোশাক খাতের উন্নতির জন্য এবং ভালো ও নিরাপদ কারখানার ব্যাপারে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
ফুকটেল বাংলাদেশের ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় করতে তাদেরকে জার্মানির সফরের আমন্ত্রণ জানান।
ঢাকা সফরকালে ফুকটেল একটি কারখানা ও রানা প্লাজা এলাকা পরিদর্শন করেন।
তিনি রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের স্মরণে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে একটি গাছের চারা রোপণ করেন।