কেরানীগঞ্জে ডাকাতের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ গুলিবিদ্ধ

ঢাকার কেরানীগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষে ১ দারোগাসহ ২ পুলিশ আহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ২ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। আহতরা হলেন—মডেল কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মো. মনোয়ার হোসেন ও কনস্টেবল মো. জসিম উদ্দিন। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছেন— মো. সাইদুল ইসলাম (২৮) ও মো. হানিফ (২৫)। গুলিবিদ্ধ ডাকাতদের চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার সাক্তা ইউনিয়নে জিনজিরা-নবাবগঞ্জ সড়কে প্রহরী ভিটা এলাকায় গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক মো. মনোয়ার হোসেন জানান, সাক্তা ইউনিয়নে প্রহরী ভিটা এলাকায় জিনজিরা-নবাবগঞ্জ সড়কে গত রবিবার গভীর রাতে ১২-১৫ জনের এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল । এ সময় পুলিশ একটি সিএনজি অটো রিকশায় রাস্তায় টহল দিচ্ছিলো। তাদের সিএনজি অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছা মাত্র ডাকাতরা তাদের সিএনজি অটোরিকশায় আক্রমণ করে। এক পর্যায়ে বাধ্য হয়ে আত্মরক্ষায় পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে। অপরদিকে ডাকাতরাও পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ডাকাতদের সাথে সংঘর্ষ চলাকালে এক পর্যায়ে সাইদুল ইসলাম ও হানিফ নামে ২ ডাকাত পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে তাদেরকে গ্রেফতার করা হয়। বাকি ডাকাতরা এ সময় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩টি রামদা, ২টি চাপাতি ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত মো. সাইদুল ইসলামের বাড়ি বরিশালের মেন্দীেগঞ্জ থানায়। অপর ডাকাত মো. হানিফ রোহিতপুর ইউনিয়নে চর রোহিতপুর গ্রামে মো. আজিজের বাড়িতে ভাড়া থাকতেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবর রহমান বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ একটি ডাকাত দলের সক্রিয় সদস্য। এলাকায় ঘনঘন ডাকাতি হওয়ায় মহাসড়কসহ বিভিন্ন জায়গায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।