বালাগঞ্জে জোড়া খুনের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী

সিলেটের বালাগঞ্জে ইমাম মাওলানা আব্দুল হামিদ (কালা হুজুর) ও অটোরিক্সা চালক আরশ আলীর নৃশংস খুনের ঘটনায় ফুঁসে উঠছেন এলাকাবাসী। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। শুধুমাত্র  শিমুল ও আফিয়া জোড়াখুনের ঘটনা ঘটিয়েছে-এমন তথ্য এলাকার কোনো মানুষই মেনে নিতে পারছেন না। স্থানীয়দের মতে এই খুনের ঘটনা পরিকল্পিত।

এ ঘটনায় ইমামের শ্যালিকা আফিয়া ও তার পুত্র শিমুল পুলিশ ও গণমাধ্যম কর্মীদের কাছে যে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছে তার প্রতিবাদে এলাকাবাসী  আবারও আন্দোলনে যাওয়ার  প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, ঘাতকরা  পরিকল্পিতভাবে কালা হুজুরের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা চালাচ্ছে। টাকার লোভে হুজুরকে হত্যা করে এখন ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে আফিয়া ও তার পুত্র  অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলেছেন।
বালাগঞ্জ থানার ওসি অকিল উদ্দিন আহমদ জানান, মামলার ২ আসামির ১৬৪ ধারায় জবানবন্দি  রেকর্ড করা হয়েছে। তবে এ বক্তব্যও আমরা যাচাই-বাছাই করবো। উত্তেজিত জনতা খুনিদের বাড়িতে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর কালা হুজুর ও আরশ আলী নিখোঁজ হওয়ার ৫ দিন পর ২৩ অক্টোবর হুজুরের শ্যালিকা আফিয়ার ঘরের বাথরুমের ভিতর থেকে সিমেন্টের ঢালাই ভেঙ্গে  তাদের লাশ উদ্ধার করে পুলিশ।