ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তারা হলেন, উপজেলার হরিণমারি তালতলা গ্রামের ইদ্রিস আলী (২৫), হরিণমারি বর্ষা গ্রামের চুনু মিয়া (৩০)। মঙ্গলবার ভোর সাড়ে চারটায় ওই দুইজনকে সীমান্তের ভারতীয় অভ্যন্তর থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। সীমান্তে এরা চোরাচালানীর কাজে জড়িত বলে জানা যায়।
বিজিবি ও এলাকাবাসী জানায়, ইদ্রিস আলী ও চুনু মিয়া মঙ্গলবার ভোরে রত্নাই সীমান্তের ৩৮২/২ নম্বর সীমানা পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ টহলদল তাদেরকে আটক করে নিয়ে যায়।
বিজিবি’র ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায় মেজর তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে মঙ্গলবার দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হবে।