চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছোটপুটিমারী গ্রামে ডাকাতদলের বোমা হামলায় মুসা উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। মুসা ওই গ্রামের মৃত আদম আলীর ছেলে।
নিহতের ভাতিজা জাহাঙ্গীর জানান, সোমবার দিবাগত রাত একটার দিকে সংঘবদ্ধ একটি ডাকাতদল মুসা উদ্দিনের বাড়ির প্রধান ফটক খোলার চেষ্টা করে। চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়ির লোকদের ডাকাডাকি করে। সাড়া না পেয়ে বাড়ির ভিতর একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে ডাকাতদল। এ সময় বোমার আঘাতে কৃষক মুসা উদ্দিন গুরুতর আহত হন। তাকে রাত আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটায় মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুদ্দীন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।