ঘাটাইলে পরিত্যাক্ত গোলার বিস্ফোরণে তিন স্কুলছাত্র আহত

 
 
 
টাঙ্গাইলের ঘাটাইলে পরিত্যাক্ত গোলার বিস্ফোরণে তিন স্কুলছাত্র আহত হয়েছে। মঙ্গলবার বিকালে ঘাটাইল সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জের মাইধারচালা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো— উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আশিক (১২), হাসেম আলীর ছেলে তুষার (১২) এবং কোকডহরা গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রায়হান (১৩)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কবীর জানান, মঙ্গলবার বিকালে ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন এ ইউ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ৮/১০ জন ছাত্র  ঘাটাইল সেনানিবাসের ফিল্ড ফায়ারিং রেঞ্জের মাইধারচালা নামক স্থানে বেড়াতে যায়। সেখানে তার  জিএফ রাইফেলের একটি গোলা কুড়িয়ে পায়। ছাত্ররা গোলাটি লাঠি দিয়ে নাড়াচাড়ার এক পর্যায়ে তা বিস্ফোরিত হয়। এ সময় তিন ছাত্র আহত হয়। আহতদের ঘাটাইল সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে আশিক ও তুষারের পা পিন্টারের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে।