মাগুরা সরকারি কলেজে ছাত্রলীগ কর্মী খুন

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগ কর্মী রাজন খানকে (২৩) কুপিয়ে খুন করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। নিহত রাজন খান মাগুরা শহরতলীর খানপাড়া এলাকার ওহাব খানের ছেলে।

কয়েকদিন আগে শহরের কয়েক যুবকের সাথে খানপাড়া এলাকার যুবকদের পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েক যুবক গুরুতর আহত হয়। সে সূত্রধরে মঙ্গলবার কয়েক যুবক খানপাড়ার রাজন খানকে সরকারি কলেজ প্রাঙ্গণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সার জন্য রাজন খানকে সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। শহর বর্তমানে ফাঁকা।