নরসিংদীতে দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় স্বপন মিয়া (১২) নামে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হন দুই নারীসহ আরো পাঁচ জন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌর শহরের বকুলতলা এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটে। স্বপন মিয়া (১২) বকুলতলা এলাকার খোরশেদ মিয়ার ছেলে। আহতরা হলেন বিউটি সাহা (৪৫), মনি সাহা (৩২) শওকত হোসেন (৩৩) সহ আরো দুই পথচারী। এদের মধ্যে গুরতর অবস্থায় এক জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকা আধিপত্য বিস্তার, ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ ও মাদকের টাকার ভাগভাটোয়ারাকে কেন্দ্র করে শহরের চিহ্নিত সন্ত্রাসী শফিক গ্রুপ ও সোহেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে।
স্থানীয়রা আরো জানায়, সকাল সাড়ে ১১টার দিকে শফিকের নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী শহরের বকুলতলা এলাকায় অস্ত্র-সস্ত্র নিয়ে অবস্থান নেয়। এ সময় তিনটি মোটরসাইকেলে করে সাত জন অস্ত্রধারী যুবক বকুলতলা এলাকায় উপস্থিত হয়। উভয় গ্রুপের মধ্যে এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই এক শিশু নিহত হয় ও দুই নারীসহ আরো পাঁচ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।