বগুড়ায় আনন্দ মিছিল, জামায়াতের রাস্তা অবরোধ

 

মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণা হওয়ায় বগুড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। অপরদিকে রায়ের প্রতিবাদে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শহরের খান্দার ও সাবগ্রাম এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবির । এসময় তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যানচলাচল বিঘ্নিত করার চেষ্টা চালায়। যে কোন নাশকতা এড়াতে এবং আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুরো জেলায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা । শহরে র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি টহল চলছে ।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
এদিকে রায় ঘোষণার প্রায় এক ঘন্টা পর বগুড়া শহরের কান্দার এলাকায় ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবিরের কর্মিরা ।
বগুড়ার পুলিম সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । জনগণের জানমাল রক্ষায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে ।  যে কেউ কোন ধরণের নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে ।  তবে বিকেল পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর  ঘটনা ঘটেনি ।