শিবগঞ্জে যৌথবাহিনীর সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষে এএসপিসহ আহত ২৭

 
 
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথবাহিনীর সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে এএসপি (সার্কেল) ও ওসিসহ কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। বুধবার বিকেলে জামায়তের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিলে যৌথবাহিনী বাধা দেয়ায় উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপধার ট্রাইব্যুনালে নিজামীর ফাঁসির রায় ঘোষণা করা হয়। এই রায়ের বিরুদ্ধে শিবগঞ্জে জামায়াত শিবির বিকাল ৩টার দিকে বিক্ষোভ মিছিল বের করলে  যৌথবাহিনী তাতে বাধা দেয়। এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।  এতে এএসপি (সার্কেল) মো. মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. যুবায়ের আহমেদ চোধূরী, এসআই মো. সাইফুল এবং ৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্য মো. আহসানসহ মোট ১৭ জন আহত হন।  এ সময় যৌথবাহিনীও তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করলে জামায়াত-শিবিরের জন আহত হন। আহতদের মধ্যে— বালুটুঙ্গী গ্রামের এনামুলের ছেলে নয়ন (২২), নামো জগনাথপুর গ্রামের এরফানের ছেলে আজাদ (২০), রথুনাথপুর গ্রামের নজরুলের ছেলে জাহাঙ্গীর, বাবুপুর গ্রামের গাজলুর ছেলে দেলয়ার হেসেন (২১) ও রামচন্দ্রপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মনিরলের নাম জানা গেছে।
এদের মধ্যে পাঁচজন শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্য পাঁচজন গোপনো চিকিত্সাধীন রয়েছে।
এ সময় পুলিশ জামায়াত-শিবিরের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।