গামপ্রতিক সময়ে দেশে অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপান, কম্বোডিয়া ও ইতালিসহ বেশকিছু দেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু হরতালসহ অস্থিতিশীল কার্যক্রম এ ধরনের বিনিয়োগকে নিরুত্সাহিত করবে বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আর বিনিয়োগ তথা বাণিজ্যিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিও চরম বিপর্যয় ও অনিশ্চয়তার দিকে যাবে বলে মনে করে সংগঠনটি। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর দলটি ৩ দিনের হরতালের ঘোষণা দেয়। বিচারিক বিষয়ে হরতালের ঘোষণাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়ে এফবিসিসিআই বুধবার একটি বিবৃতি দেয়।
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, হরতালের মত ধ্বংসাত্নক কর্মসূচী দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। এ নিয়ে ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারন মানুষের জানমালের ক্ষতি কোনভাবেই সমর্থনযোগ্য নয়।