হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং টায়ারে আগুন দিয়েছে জামায়াত শিবির কর্মীরা । পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে শহরের কলোনী এলাকায় হরতালের সমর্থনের একটি মিছিল বের করে জামায়াত- শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ সেখান থেকে জামায়াত শিবির সন্দেহে সাতজনকে গ্রেফতার করে। একই সময়ে শহরের সাবগ্রাম এলাকায় ২য় বাইপাস মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সাতমাথায় কড়া পুলিশী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হরতা্ল সমর্থকরা টায়ারে আগুন জ্বালায় এবং ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ রাবার বুলেট, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়জুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১টি সাউন্ড গ্রেনেড, ২ রাউন্ড টিয়ারসেল এবং ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এসব ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।