অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে সরকার সবসময়ই সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার চেষ্টা করে আসছে।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
‘এনরিচ, এ নিউ এ্যাপ্রোচ টু ডেভেলপমেন্ট : এ প্যারাডিগম শিফট’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, দেশের জনগণ উত্তরাধিকার সূত্রে বিপুল সৃজনশীলতার অধিকারী। আর এ জন্যই এদেশে কমিউনিস্ট দর্শন সফল হতে পারেনি। যদিও দারিদ্র্য ও বৈষম্যের কারণে কমিউনিস্ট দর্শনের জন্য এদেশ ছিল একটি স্বর্গ। কিন্তু সৃজনশীলতার কারণেই এদেশ থেকে কমিউনিস্ট দর্শন বিতাড়িত হয়েছে।
‘সমৃদ্ধ’কে সৃজনশীলতার সফল বাস্তবায়ন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সৃজনশীলতাকে তার নিজস্ব পথে চলতে দিলেই তা সফলতা বয়ে আনবে।
অর্থমন্ত্রী বলেন, পিকেএসএফ ক্ষুদ্রঋণ কর্মসূচিসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে আসছে।
সেমিনারে পিকেএসএফ’র মহাব্যবস্থাপক মশিয়ার রহমান ও ওয়েভ ফাউন্ডেশনের মহসিন আলী পৃথক বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান।
খুলীকুজ্জামান বলেন, এনজিওগুলো যদি সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী কাজ করে তাহলে সরকারের এনজিওবান্ধব না হওয়ার কোন কারণ নেই।