নরসিংদীতে দুই গ্রুপে বন্দুকযুদ্ধে এক শিশু নিহত

বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে স্বপন মিয়া (১২) নামের এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ আরো পাঁচজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার নরসিংদী পৌর শহরের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বালু ও ড্রেজার ব্যবসা এবং মাদকের টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে শহরের চিহ্নিত দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। গতকাল সকালে শহরের বকুলতলা এলাকায় শফিক ও সোহেল গ্রুপের সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান নেয়। এক পর্যায় উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে স্বপনসহ আরো পাঁচজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত স্বপন বকুলতলা এলাকার খোরশেদ মিয়ার ছেলে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নরসিংদী সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।