যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের দিন রাতেই খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইদের পৈত্রিক বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।
সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলদের বাড়ি এটি।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মারুফ আহম্মেদ জানান, বুধবার রাত ১১টার পরে সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে করে আসে। এ সময় নগরীর শেরে বাংলা রোডের ওই বাসার দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে হতাহত হয়নি।
ঘটনার সময় শেখ সোহেল খুলনায় থাকলেও বাড়িতে ছিলেন না। বাড়ির প্রধান ফটক ও কক্ষের দেওয়ালে চারটি গুলির চিহ্ন দেখা যায়। এ ঘটনায় ওই বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সোনাডাঙ্গা মডেল থানার পুিলশ জানিয়েছে এ ব্যাপারে থানায় কোনো ডায়রি করা হয়নি।