পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, পুলিশের পাল্টা গুলি, রাস্তায় আগুন এবং বিভিন্নস্থানে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে বগুড়ায় হরতাল চলছে। এদিকে গত ১২ ঘণ্টায় সন্ত্রাস, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ১৫ জনসহ মোট ৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা হরতালের ১ম দফা চলছে।
বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের শেরপুর রোডের পিটিআই মোড়ে হরতাল সমর্থক জামায়াত শিবির কর্মীরা একটি ঝাটিকা মিছিল বের করে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এসময় পুলিশ সেখানে পৌঁছলে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এছাড়াও হরতাল সমর্থনে শহরের গোদারপাড়া ও সাবগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির।
এদিকে বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জেলা পুলিশ সন্ত্রাস, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় জড়িত অভিযোগে জামায়াত ও ছাত্র শিবিরের ১৫ জনসহ মোট ৮৭ জনকে গ্রেফতার করেছে । জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) উজ্জ্বল কুমার রায় ৮৭ জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
এদিকে, শহরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । ভারি যান চলাচল করছেনা । তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।
শহরে নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ র্যাবের পাশাপাশি বিজিবি টহল চলছে।