সেক্টর কমান্ডার পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) পতাকা বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মিয়ানমার মংডু শহরের অভিবাসন কেন্দ্রের সম্মিলনকক্ষের মধ্যে এ পতাকা বৈঠক শুরু হয়। তার আগে সকাল আটটায় বিজিবির ২৮ সদস্যের প্রতিনিধি দল টেকনাফ স্থলবন্দরের জেটি দিয়ে মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়।
বিজিবির সূত্রে জানা গেছে, উক্ত বৈঠকে ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন চট্রগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম। তার সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন, বর্ডার হেড কোয়ার্টার স্টাফ অফিসার কর্নেল সেলিম মাহমুদ চৌধুরী, বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান, বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল ওয়ালি উর রহমান, চট্টগ্রাম সেক্টরের লে. কর্নেল তহিদুল ইসলাম, ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ, ৫০ বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল অধিনায়ক সাইফুল আজম পারভেজ, ৩১ বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আজিজুল ইসলাম, ৩৩ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল লুৎফর করিম, ১৭ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খোন্দকার সাইফুল আলম ও কক্সবাজারের সেক্টরের মেজর আমিনুল ইসলাম। অপরদিকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ২০ সদস্যের প্রতিনিধিদলের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন ৫ নম্বর সেক্টরের পরিচালক ইউ থোন থোন।
টেকনাফ স্থলবন্দর থেকে মিয়ানমারের উদ্দেশ্যে রওয়ানা ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বৈঠকে দুই দেশের মধ্যে সুস¤পর্ক আরও জোরদার, সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, ইয়াবাসহ সব ধরনের মাদক পাচার রোধ, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন সময়য়ে মিয়ারের আটক বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে আলোচনা করা হবে।